সিংড়ায় মাদক-জুয়া ও চুরি রোধে প্রশাসনের কঠোর বার্তা
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১৮:২০ | আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
নাটোরের সিংড়ায় মাদক, জুয়া এবং ট্রান্সফরমার চুরি রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি সিংড়া থানা পুলিশকে রাতের টহল বৃদ্ধিসহ অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির’ মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বক্তারা সিংড়ায় সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে কৃষকের জমি থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, মাদকদ্রব্য কেনাবেচা এবং তরুণ প্রজন্মের মধ্যে অনলাইন জুয়ার আসক্তি বেড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরেন। এসব অপরাধ দমনে প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে ইউএনও বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো কাজ বরদাশত করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম এবং কৃষি কর্মকর্তা মো. আবু রায়হান, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক। বিএনপি নেতা শাখাওয়াত হোসেন শাখা, এডভোকেট আলী আজগর খান, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, শাহাদাত হোসেন এবং সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা।
সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশি তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত