চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ধসের ঝুঁকিতে, ফায়ার সার্ভিসের সতর্কবার্তা

  ফরিদপুর জেলা প্রতিনিধি-

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:২৮ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৬, ১৭:৫৯

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেট ভবন বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল ও ভাঙনের চিহ্ন দেখা গেছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, মার্কেটের দেয়াল, ছাদ এবং কলামজুড়ে ফাটল সৃষ্টি হয়েছে। কিছু অংশে প্লাস্টার খসে পড়ে রড বেরিয়ে গেছে। এতে করে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন শত শত মানুষ এই মার্কেটে যাতায়াত করায় ঝুঁকি আরও বাড়ছে।

এ বিষয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুর্তজা ফকির বলেন, “মার্কেট ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিভিন্ন জায়গায় ফাটল ও ভাঙন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সচেতন মহল বলছেন, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় মেরামত বা ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে নতুন করে নির্মাণ করা জরুরি। অন্যথায় যেকোনো সময় প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত