লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু
সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৫:৩১ | আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ১৭:৪৯
নাটোরের সিংড়া উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। আজ সোমবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নাটোর জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসকবৃন্দ।
উদ্বোধনকালে অতিথিরা শিশুদের সংক্রামক রোগ থেকে মুক্ত রাখতে সঠিক সময়ে টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান।
সিংড়া উপজেলার প্রতিটি প্রান্তে টিকার সুবিধা পৌঁছে দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি তৃণমূল পর্যায়ে কার্যক্রম সফল করতে ৩৯৬টি সাব-ব্লগে টিকা প্রদান করা হচ্ছে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই ক্যাম্পেইনের আওতায় পুরো উপজেলায় মোট ৩৪,৮৫৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে আজ ক্যাম্পেইনের প্রথম দিনে ২,২২৩ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত