সড়ক দুর্ঘটনায় রাজধানীর তেজগাঁও ও সাইন্সল্যাবে ৪ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ মার্চ ২০২৬, ১০:২৭ |  আপডেট  : ৭ মার্চ ২০২৬, ১১:৫৭

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। শুক্রবার[৬ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—সিএনজির যাত্রী হারুনুর রহমান সানি [৩২) এবং চালক আলিম [৫০)। আহতরা হলেন—সানির স্ত্রী বৃষ্টি আক্তার [২৬) ও তার বোন হ্যাপি [২১)।

হাসপাতালে নিহত হারুনুর রহমান সানির মামা-শ্বশুর নাঈম হাসান জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার দশকাহনিয়া গ্রামে। বর্তমানে তারা ঢাকার মহাখালী এলাকায় বসবাস করেন। সানির বাবার নাম হাবিবুর রহমান। সানি বনানীতে একটি এজেন্সিতে চাকরি করতেন।

তিনি আরও জানান, চারজন সিএনজিযোগে বাসার দিকে যাচ্ছিলেন। তেজগাঁওয়ে চ্যানেল আই অফিসের কাছাকাছি পৌঁছালে সিএনজিটি ইউটার্ন নেওয়ার সময় আইল্যান্ডে ধাক্কা লেগে উল্টে যায়। এতে তারা আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সানি ও সিএনজি চালক আলিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ [পরিদর্শক) মো. ফারুক দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত চালক আলিমের বিস্তারিত ঠিকানা এখনো জানা যায়নি। আহত দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তদন্ত করছে।

এইদিকে রাজধানীর সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় বাবা সাজু আহমেদ সুমন [৪৫) ও মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা [২০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত