বলৎকারে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রের গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১৭:৫১ |  আপডেট  : ১১ জুন ২০২৬, ১৯:০৯

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে বলৎকারে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রকে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে উপজেলার সোনারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাজেদ শেখ (১৪) পশ্চিম সোনারং গ্রামের আনোয়ার শেখের ছেলে এবং খিলপাড়া সুন্নাতুন মদিনা মাদ্রাসার কিতাবখানার ছাত্র। অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন (৩০) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় শিক্ষক লোকমান হোসেন ভিকটিমকে নিজের কক্ষে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ছাত্রটি যেতে অস্বীকৃতি জানালে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করা হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার তাকে যৌন নির্যাতন করেছিলেন।

টঙ্গীবাড়ী থানা পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত