সরকার গঠনের ১০ দিনের মধ্যেই আমরা ১২ লাখ কৃষককে ঋণমুক্ত করেছি: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১৮:৪৯ |  আপডেট  : ২০ এপ্রিল ২০২৬, ২০:১৫

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা সরকার গঠনের ১০ দিনের মধ্যে দেশের ১২ লাখ কৃষককে ঋণমুক্ত করেছি। আমাদের নির্বাচনী ওয়াদা ছিল সুদসহ কৃষকের সর্বোচ্চ ১০ হাজার টাকা মওকুফ করার, আমার ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যে যে ওয়াদা পূরণ করেছি। পর্যায়ক্রমে সব নির্বাচনী ওয়াদাও পূরণ করা হবে ইনশাআল্লাহ।

আজ  সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠের জনসভায় অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি মঞ্চে এসে পৌঁছালে হাজারো সমর্থক মুহুর্মুহু করতালি দিয়ে সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর বগুড়ায় এটিই তারেক রহমানের প্রথম জনসভা। এর আগে গত ২৯ জানুয়ারি আলতাফুন্নেছা মাঠেই নির্বাচনি জনসভা করেছিলেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের পৈতৃক ভিটা বগুড়ায় আগমন উপলক্ষে সোমবার জনসভার আয়োজন করেছে জেলা বিএনপি। দুপুর থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় আসতে শুরু করেন। বিকাল ৩টার মধ্যে পুরো মাঠ প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়। মাঠ প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়কগুলোতে নেতাকর্মীরা অবস্থান নেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত