শিবচরে মানবপাচার মামলায় পুত্রবধূ ও শশুর গ্রেফতার
এসআর শফিক স্বপন মাদারীপুর:
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ২০:২৭ | আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৫০
মাদারীপুরে মানবপাচার মামলার আসামি পুত্রবধু ও শশুরকে গ্রেফতার করেছে রেব(rab)। সোমবার রাতে শিবচর উপজেলার পশ্চিম কাকৈর গ্রামের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তানিয়া বেগম শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের পশ্চিম কাকৈর গ্রামের শীর্ষ মানবপাচারকারী সোবাহান মোল্লার স্ত্রী ও সালাম মোল্লা একই এলাকার আলী মোল্লার ছেলে। গ্রেফতার দুইজন সম্পর্কে পুত্রবধু ও শশুর।
মামলার এজাহারে বলা হয়, ১৮ লাখ টাকায় সদর উপজেলার দুধখালী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রুহুল মাতুব্বরের ছেলে লিমন মাতুব্বরকে (২২) সরাসরি ইতালি নেয়ার প্রলোভন দেয় শীর্ষ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য সোবাহান মোল্লা ও তার লোকজন। পুরো ১৮ লাখ টাকা দেয়া হলে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতালির উদ্দেশ্যে রওয়ানা হয় লিমন। প্রথমে তাকে সৌদিআরব নিয়ে যায় দালালচক্র। পরে সেখান থেকে ওই যুবককে লিবিয়ায় নিয়ে একটি বন্দিশালায় আটকে রাখে মাফিয়ারা। পরে নির্যাতন চালিয়ে পরিবার থেকে কয়েক দফায় মুক্তিপন হিসেবে নগদ ও ব্যাংকের মাধ্যমে আরো ১২ লাখ টাকা হাতিয়ে দেয় দালালচক্র। এরপর আর কোন হদিস নেই লিমনের। এই ঘটনায় ৭ এপ্রিল সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার শামীম মাতুব্বরের স্ত্রী ও ভুক্তভোগী লিমনের খালা মুন্নি আক্তার বাদী হয়ে সোবাহান মোল্লা, তার বাবা সালাম ও সোবাহানের স্ত্রী তানিয়াসহ ৮ জনের নামে মানবপাচার আইনে মামলা করেন। পরে অভিযান চালিয়ে সোবাহানের স্ত্রী তানিয়া ও তার শশুর সালাম মোল্লাকে গ্রেফতার করে rab-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে গ্রেফতার দুইজনকে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব। পরে পাঠানো হয় আদালতে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোসা. সাবরিনা তাবাসসুম গ্রেফতার দুইজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মানবপাচার মামলায় গ্রেফতার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া এই মামলায় বাকি আসামিদের ধরতে কাজ করছে পুলিশ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত