রাউজানে সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ মার্চ ২০২১, ১১:১৬ | আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১২:১৫
চট্টগ্রামের রাউজান উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।
নিহতরা হলেন- চান্দগাঁও এলাকার মো. মোর্শেদ (৩৮), কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এলাকার কামরুল ইসলাম (২৭), রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মো. ইদ্রিস (৫৫) ও নোয়াখালীর হাতিয়ার মো. সিরাজ (বয়স জানা যায়নি)। তারা সবাই অটোরিকশার যাত্রী।
পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় অটোরিকশাটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটিও সড়কের ওপর উল্টে পড়ে। এর ফলে চট্টগ্রাম-কাপ্তাই সড়কে সবধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ারসার্ভিস ও স্থানীয়রা অংশ নিলে প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।
এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সময় চালক উচ্চ শব্দে গান শুনছিলেন বলে স্থানীয়দের বরাতে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত