যশোরে আ’লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

  যশোর জেলা প্রতিনিধিঃ

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৫ |  আপডেট  : ৩১ জুলাই ২০২৬, ০৩:৪২

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ছুরিকাঘাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুন হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ার মিলের সামনে চায়ের দোকানে এ ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (৪০) মণিরামপুর উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শনিবার রাতে রাজগঞ্জ বাজারের ত্রিমোহনী রোডের হবি চিড়ার মিলের সামনে আতাউরের চায়ের দোকানে বসে চা পান করছিলেন আশরাফুল। এসময় অপরিচিত কিছু লোক তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাত করার কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর দুর্বৃত্তরা সেখান থেকে চলে যায়।

খবর পেয়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয়রাও হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না।

রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর কামাল হোসেন জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত