মেহেরপুরে ভ্যান চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২২, ২১:১৫ |  আপডেট  : ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৭

মেহেরপুরে ভ্যান চালক আবুল বাসার (৭০) কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা আমঝুপি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার আমঝুপি গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা। নিহতের পরিবারের অভিযোগ, আবুল বাসারের ছেলে সালাউদ্দীন তার মুদি দোকানের সামনের সড়কে দুর্ঘটনা এড়াতে মাটি-বালি দিয়ে গতিরোধক করেন। 

এসময় একটি কোমল পানীয় কোম্পানীর এসআর ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারীরা ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। যাবার সময় গতিরোধক  দেয়াকে কেন্দ্র করে সালাউদ্দীনের সাথে তারা তর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে তাদের গাড়ীতে থাকা রড দিয়ে সালাউদ্দীনকে পেটাতে থাকে। আবুল বাসার তার ছেলেকে হামলা থেকে বাঁচাতে এগিয়ে আসলে, তাকেও রড দিয়ে পিটিয়ে জখম করে। এসময় স্থানীয়রা আহত বাসারকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সাথে যারা জড়িত তারা পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত