মেলান্দহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

  ছাইদুর রহমান, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৫ মার্চ ২০২৬, ১৯:৪৫ |  আপডেট  : ৫ মার্চ ২০২৬, ২১:০৫

জামালপুর জেলার মেলান্দহে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ী ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত সাইম নামে অপর মোটরসাইকেলচালক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বুধবার (৪মার্চ) রাত ২টার দিকে মেলান্দহ পৌর এলাকার মিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌরসভার ঢালুয়াবাড়ী এলাকার ধীরেন্দ্র চন্দ্র বিশ্বাসের ছেলে কাজল মিয়া (৪২) ও তার ভাতিজা উজ্জল মিয়ার ছেলে আকাশ মিয়া (২০)। তারা দুজনেই হাজরাবাড়ী বাজারে একটি সেলুনে কাজ করতেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান।পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাত ২টার দিকে মাহমুদপুর এলাকায় একটি বিয়ের দাওয়াত শেষে মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন কাজল মিয়া ও আকাশ মিয়া। পথে মিয়া পাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আকাশ মিয়া মারা যান। 

খবর পেয়ে স্থানীয়রা কাজল মিয়াকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে নিলে ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠায়। পরে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল দুটি ও মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে ও অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঘটনাস্থল থেকে বাইক দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত