মাউন্ট মাকালুর চূড়ায় প্রথম বাংলাদেশি হিসেবে বাবর আলী, গড়লেন ইতিহাস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ মে ২০২৬, ১১:১৫ | আপডেট : ২ মে ২০২৬, ১২:৪২
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট মাকালু (৮,৪৮৫ মিটার) জয় করেছেন পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি শৃঙ্গের চূড়ায় পৌঁছান বলে নিশ্চিত করেছে তার অভিযাত্রা দল।
পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’-এর সভাপতি ও অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান জানান, নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর মাধ্যমে বাবরের সফল শিখর স্পর্শের তথ্য নিশ্চিত করা হয়েছে। তার সঙ্গে ছিলেন আং কামি শেরপা।
নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত মাকালু বিশ্বের অন্যতম দুর্গম ও চ্যালেঞ্জিং পর্বতশৃঙ্গ হিসেবে পরিচিত। প্রবল বাতাস, তুষারধসের ঝুঁকি এবং কঠিন আবহাওয়ার কারণে এটি পর্বতারোহীদের জন্য অত্যন্ত বিপজ্জনক।
এর মাধ্যমে বিশ্বের ১৪টি আট হাজার মিটারের বেশি উচ্চতার শৃঙ্গের মধ্যে পঞ্চমটি জয় করলেন বাবর আলী। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ এবং মানাসলুসহ একাধিক উচ্চ শৃঙ্গ জয় করে বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে অনন্য কৃতিত্ব অর্জন করেছেন।
বাবর আলী ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেন। পরবর্তীতে তিনি একাধিক আন্তর্জাতিক অভিযানে অংশ নিয়ে বাংলাদেশের জন্য নতুন মাইলফলক স্থাপন করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত