নাটোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী সিদ্দিকুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

  বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৬ |  আপডেট  : ২ আগস্ট ২০২৬, ১৩:৩৭

নাটোর-৪ আসনের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক।

রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও নাটোর-৪ আসনের উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. মঈন উদ্দীন খান তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। রবিবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে তিনি এ ফলাফল ঘোষণা করে একটি গণ বিজ্ঞপ্তি জারি করেন।

সহকারী রিটার্নিং অফিসার ও বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বলেন, উপনির্বাচনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই মনোনয়ন পত্র জমা দেন। এ আসনে জেলা জাতীয় পার্টির সভাপতি আলাউদ্দিন মৃধা ও ছাত্রদল নেতা মেহেদী হাসান নোমান মনোনয়নপত্র কিনলেও শেষ পর্যন্ত তারা কেউ মনোনয়ন জমা দেননি। ১৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের প্রার্থীর জমা দেয়া একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে যায়। সবশেষে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার নিয়মানুযায়ী তাকে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণা করেন।

উল্লেখ্য, নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০ আগস্ট আকস্মিকভাবে মারা গেলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ১১ অক্টোবর ভোট গ্রহণের তারিখ নির্ধারিত ছিল।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত