নন্দীগ্রামে সরকারি খাস পুকুরে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১৬:২০ | আপডেট : ২৬ এপ্রিল ২০২৬, ১৯:৪৫
বগুড়ার নন্দীগ্রামে একটি সরকারি খাস পুকুরে অবৈধভাবে মাটি কাটায় ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের কোশাষ গ্রামের বিশলাল সরকারি খাস পুকুরে অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার সেখানে অভিযান চালায়। এ সময় মাটি কাটার সাথে জড়িত কাউকে উপস্থিত না পাওয়ায় তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করেন।
এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। এ বিষয়ে তিনি বলেন, সরকারি খাস পুকুর থেকে অবৈধভাবে মাটি কাটায় এক্সক্যাভেটরের ব্যাটারি ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত