নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১৫:৫৫ | আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১৭:৫৯
বগুড়ার নন্দীগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের বসতবাড়ি মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গুন্দইল গ্রামের কৃষক শাহীন হোসেনের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির সদস্যরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। শাহীন হোসেনের ছেলে নাজমুল শাহরিয়ার জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতবাড়ির দুটি কক্ষ, গোয়ালঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসার জন্য রাখা প্রায় ২ লাখ টাকা ও নগদ স্বর্ণালংকারসহ বিভিন্ন আসবাবপত্রও পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বাবু জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। স্থানীয়রা জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত