দেশবাসীকে কেন হুঁশিয়ারি জানালেন কোহলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২১, ১০:১৮ | আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৭:২১
বিরাট কোহলিরা নিজেরা আছেন মাঠে, খেলছেন আইপিএল। তাই বলে ভারতে করোনা পরিস্থিতি মোটেও স্থির নেই। ক্রমেই বেড়ে চলেছে, পরিস্থিতি যাচ্ছে আরও অবনতির দিকে। এ উর্ধ্বযাত্রা রুখতে এবার দেশবাসীকে হুঁশিয়ার করে দিলেন ভারতীয় অধিনায়ক। মনে করিয়ে দিলেন সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তা।
দিল্লি পুলিশের পক্ষে পোস্ট করা এক ভিডিও বার্তায় বিরাট বলছেন, ‘বন্ধুরা আপনারা জানেন দেশে করোনা সংক্রমণ দ্রুত হারে বাড়ছে। যত দিন যাচ্ছে তত চ্যালেঞ্জিং হচ্ছে পরিস্থিতি। তাই আপনাদের সকলকে আমি আবারও অনুরোধ করছি, সমস্ত করোনা প্রোটোকল মেনে চলুন।’
ভারতীয় অধিনায়ক আরও অনুরোধ করেন, ‘যখনই জরুরি কাজে বাইরে যাবেন, দয়া করে সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং মাস্ক পরুন। স্যানিটাইজার ব্যবহার করুন। এই সময় সমস্ত প্রোটোকল মেনে চলাটা ভীষণ জরুরি। আমাদের আবার এই মহামারীর বিরুদ্ধে লড়তে হবে। এবং সেজন্য পুলিশকর্মীদের সাহায্য করাটা জরুরি।’
এই মুহূর্তে কোহলি খেলছেন আইপিএলে। সমস্ত প্রোটোকল মেনে, জৈব-সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করা হচ্ছে এই টুর্নামেন্ট। কিন্তু, তাতেও করোনাভাইরাস এড়াতে পারেনি আইপিএল। টুর্নামেন্ট শুরুর আগে বেশ কিছু সাপোর্ট স্টাফ এই কবলে পড়েছেন এর। যার ফলে আইপিএল বাতিলেরও দাবি উঠেছিল। যদিও, বিসিসিআই এই টুর্নামেন্ট বাতিলের পথে হাঁটেনি। বরং, করোনাকে পরাস্ত করে আরও সফলভাবে আইপিএল আয়োজনের দাবিতে অনড় থেকেছে ভারতীয় বোর্ড। সেই মোতাবেকই চলছে টুর্নামেন্ট।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত