জ্বালানি তেল সংকটে সিরাজদিখানে বোরো ধান চাষে চরম দুশ্চিন্তায় কৃষক

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬, ১৭:৫৭ |  আপডেট  : ৫ এপ্রিল ২০২৬, ২২:১১

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় চলতি বোরো মৌসুমে জ্বালানি তেলের সংকটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বোরো ধানের চাষ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।

উপজেলার বিভিন্ন এলাকায় দেখা গেছে, ডিজেল চালিত সেচ পাম্প চালাতে পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। ফলে অনেক জমিতে সময়মতো পানি দেওয়া সম্ভব হচ্ছে না, যা ধানের স্বাভাবিক বৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলছে।

স্থানীয় লতব্দী ইউনিয়নের কৃষক মাহবুবুর হোসেন বলেন, সেচের জন্য পুরোপুরি ডিজেলের ওপর নির্ভর করতে হয়। কিন্তু এখন ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না। অনেক সময় বেশি দামে কিনতে হচ্ছে। এতে চাষাবাদের খরচ অনেক বেড়ে গেছে।

 রশুুনিয়া ইউনিয়নের আরেক কৃষক সঞ্জয় দাস জানান, আমি অন্যেও জমিতে কাজ করি। জমিতে পানি দিতে দেরি হলে ধানের গাছ ক্ষতিগ্রস্ত হয়। তেলের সংকটের কারণে আমরা সময়মতো সেচ দিতে পারছি না। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।কৃষকদের অভিযোগ, অনেক এলাকায় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে। আবার কোথাও কোথাও সরবরাহ কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র বলেন, এবার সিরাজদিখান উপজেলায় ৫২৫১ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। জ্বালানি তেলের সংকটের কারণে সেচ কার্যক্রমে কিছুটা সমস্যা হচ্ছে, বিষয়টি আমরা অবগত আছি। কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, তারা যেন সমন্বিতভাবে  বৈদ্যুতিক ও ডিজেলের সেচ পাম্প ব্যবহার করেন এবং অপচয় কমান।

তিনি আরও বলেন, কৃষি বিভাগ থেকে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া হচ্ছে। পাশাপাশি কম পানিতে চাষযোগ্য পদ্ধতি এবং বিকল্প প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে জ্বালানি তেল সংকট দীর্ঘস্থায়ী হলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

বর্তমান পরিস্থিতিতে কৃষকরা দ্রুত জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সঠিক সময়ে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা গেলে সেচ সংকট অনেকাংশে দূর হবে এবং বোরো ধানের উৎপাদন স্বাভাবিক রাখা সম্ভব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত