চরভদ্রাসনে পদ্মা নদীতে জেলের বরশিতে ধরা পড়ল কুমির

  ফরিদপুর জেলা প্রতিনিধি-

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৮:০০ |  আপডেট  : ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫৭

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জেলের বরশিতে একটি কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে পদ্মা নদীতে মাছ ধরতে যান কয়েকজন জেলে। মাছ ধরার সময় তাদের ব্যবহৃত ‘হাজাইরা’ বরশিতে হঠাৎ করে একটি কুমির আটকে যায়। পরে তারা কুমিরটিকে উদ্ধার করে উপজেলার সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন।

কুমির ধরা পড়ার খবর দ্রুত ছড়িয়ে পড়লে নদীর পাড়ে উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই বিরল এই দৃশ্য দেখতে ঘটনাস্থলে ছুটে আসেন।

উদ্ধারকারী জেলে স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী, রবিউল ব্যাপারী ও বিল্লাল খান জানান, তারা নিয়মিত নদীতে মাছ ধরতে যান। এদিন বরশিতে অপ্রত্যাশিতভাবে কুমিরটি আটকে গেলে তারা সতর্কতার সঙ্গে সেটিকে উদ্ধার করেন এবং নিরাপদ স্থানে রাখেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হয়।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, “ঘটনাটি জানার পর আমরা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

এদিকে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা ফজলে করিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। খুলনা থেকে একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে তিনি জানান।

স্থানীয় প্রশাসন ও বন বিভাগের তত্ত্বাবধানে কুমিরটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত