চরভদ্রাসনে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  ফরিদপুর জেলা প্রতিনিধি-

প্রকাশ: ১১ মে ২০২৬, ১৬:৫০ |  আপডেট  : ১১ মে ২০২৬, ২০:৫৮

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গার্লস স্কুল সড়কের শাহজালাল ব্যাংকের সামনে থেকে চর ঝাউ কান্দা ইউনিয়ন অফিস পর্যন্ত সামান্য বৃষ্টিতেই দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকাবাসী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো। অবশেষে সেই সমস্যা সমাধানে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন ৩নং ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, ২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা এবং ৩নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মোঃ ফজলুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন,“জনগণের ভোগান্তি কমানোই প্রশাসনের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাচ্ছিলেন। আশা করছি ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকাবাসী স্থায়ীভাবে এ সমস্যা থেকে মুক্তি পাবেন। উন্নয়নমূলক কাজে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন বলেন,“এ ধরনের উন্নয়ন কাজ সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে। দ্রুত কাজ শেষ করে জনগণের ভোগান্তি দূর করার চেষ্টা করা হবে।”

২নং চর ঝাউ কান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বধূ মৃধা বলেন,“আমি গত তিন বছর ধরে এই জলাবদ্ধতা নিরসনের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকাবাসীর কষ্ট দেখে বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল। অবশেষে প্রশাসনের সহযোগিতায় ড্রেন নির্মাণ কাজ শুরু হওয়ায় আমি আনন্দিত। কাজ সম্পন্ন হলে মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।”

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া মমতাজকে ধন্যবাদ জানিয়ে বলেন, দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়। তারা দ্রুত কাজ সম্পন্ন করার দাবি জানান।

স্থানীয়দের আশা, ড্রেন নির্মাণ কাজ শেষ হলে গার্লস স্কুল সড়কে আর জলাবদ্ধতা সৃষ্টি হবে না এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত