এনসিপি সমর্থককে পিটিয়ে আহত, যুবদল নেতা গ্রেফতার

  রংপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৫ |  আপডেট  : ২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১১

গ্রেফতার যুবদল নেতা

 

রংপুরের পীরগাছায় এনসপির শাপলা কলি মার্কায় ভোট দেওয়ার কথা বলায় ইদ্রিস আলী নামে এক সমর্থককে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মজনু মিয়া নামে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের জগজীবন এলাকায়।

গ্রেফতার মজনু মিয়া জগজীবন গ্রামের মজিবর রহমানের ছেলে সে অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক।

এ ঘটনায় পীরগাছা থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা করলে পুলিশ শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে যুবদল নেতা মজনুকে গ্রেফতার করে আদালতে চালান দেওয়া হয়। শনিবার তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম।

পুলিশ জানায় ইদ্রিস আলী এনসিপির সদস্য সচিব রংপুর-৪ আসনের ১১ দলের প্রার্থী আখতার হোসেনের গত বৃহস্পতিবার রাতে যুবদল নেতা মজনু মিয়া ও তার সহযোগী মুকুল মিয়া, ফিরোজ মিয়া ওরফে ফেরাজ এবং মজিবর রহমান ইদ্রিস আলীর বাড়ির উঠানে গিয়ে ভোট বিষয়ে আলোচনা শুরু করেন। একপর্যায়ে যুবদল নেতাকর্মীরা এনসিপির সমর্থক ইদ্রিস আলীর কাছে জানতে চান, তিনি কাকে ভোট দেবেন। ইদ্রিস আলী বলেন, তিনি এনসিপির প্রার্থী আখতার হোসেনের শাপলা কলি মার্কায় ভোট দেবেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে বলেন, এলাকায় থাকতে চাইলে বিএনপির ধানের শীষে ভোট দিতে হবে। অন্যথায় তাকে দেখে নেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে এনসিপি সমর্থক ইদ্রিস আলীকে এলোপাতাড়ি মারধর করে এতে তিনি গুরুতর আহত হন। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়দের সহায়তায় আহত ইদ্রিস আলীকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে পীরগাছা থানায় ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন।

আহত ইদ্রিস আলী বলেন, আসামিরা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে, ফলে চরম নিরাপত্তহীনতার মধ্যে আছি।

এ বিষয়ে পীরগাছা থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল ইসলাম বলেন, মামলা গ্রহণ করে একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত