এশিয়ান গেমস হকির বাছাই

উজবেকিস্তানের সঙ্গে ড্র করায় বাংলাদেশের ভাগ্য নির্ধারণ প্লে-অফে 

  স্পোর্টস ডেস্ক  

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ |  আপডেট  : ৬ এপ্রিল ২০২৬, ১৩:৪৮

এশিয়ান গেমসে জায়গা পাওয়ার লড়াইয়ে শেষ মুহূর্তে এসে হোঁচট খেলো বাংলাদেশ। এশিয়ান গেমস হকির বাছাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় হাতছাড়া হওয়ায় সেমিফাইনালে ওঠার স্বপ্ন ভেস্তে গেছে লাল-সবুজদের। এখন তাদের ভাগ্য নির্ধারণ হবে প্লে-অফে।

সোমবার ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় এখন প্লে-অফে জয় পেলেই এবারের এশিয়ান গেমসের টিকিট মিলবে লাল-সবুজদের। 

চার দলের গ্রুপে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেছে বাংলাদেশ। উজবেকিস্তান সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় রানার্স-আপ হিসেবে তারা সেমিফাইনালে উঠেছে। আগের ম্যাচে বাংলাদেশকে ৩-২ গোলে হারানো শ্রীলঙ্কা গ্রুপসেরা হয়েছে।

এর আগে টুর্নামেন্টের শুরুতে চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের দারুণ জয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। ফলে এখন গ্রুপ ‘এ’-এর চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে মঙ্গলবার প্লে-অফ খেলবে তারা। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি। সেই ম্যাচে জয় পেলে এশিয়ান গেমসে জায়গা নিশ্চিত হবে, আর হারলে ছিটকে যেতে হবে মহাদেশীয় এই আসর থেকে। ১১ দলের এই প্রতিযোগিতা থেকে সেরা ছয় দল জায়গা করে নেবে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে।

এদিন উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলটিকে এগিয়ে দেন মিরনশখ অর্থিকবোয়েভ। তবে বাংলাদেশ হাল ছাড়েনি। ৩০ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে সমতা ফেরান আমিরুল ইসলাম।

ম্যাচে দুই দলই একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে বাংলাদেশ পেনাল্টি কর্নারে ভুগেছে বেশি। ছয়টি সুযোগ পেয়েও গোল করতে পারেনি তারা।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত