কেউ দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে - অনোয়ারুল ইসলাম এমপি

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিংড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১ মে ২০২৬, ১৯:০৮ |  আপডেট  : ১ মে ২০২৬, ২০:১০

নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বলেছেন, সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কাছে দেওয়া সকল প্রতিশ্রুতি একে একে পূরণ করেছেন। তিনি কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছেন, খাল খনন কর্মসূচী শুরু করেছেন এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সর্বকালের সেরা বক্তব্য দিয়েছেন; তিনি ঘোষণা করেছেন সবাইকে নিয়ে দেশ পরিচালনা করবেন।

শুক্রবার (১লা মে) আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সিংড়া সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের নেতৃত্বে একটি র‍্যালি সিংড়া পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, "আমরা একটি আধুনিক, নিরাপদ ও নান্দনিক সিংড়া গড়ে তুলতে চাই। কেউ দলের নাম ভাঙিয়ে অন্যায় করলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিংড়ার মানুষ শান্তি ও উন্নয়ন চায়, আমি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।" তিনি চলনবিল অঞ্চলের কৃষি ও মৎস্য সম্পদের উন্নয়নে এবং হাসপাতালের মানোন্নয়নে সংসদে জোরালো দাবি তুলে ধরেছেন বলে জানান।

সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন সাখা’র সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা মো. আসাদুজ্জামান মিঠু, মো. আতিকুর রহমান লিটন, মো. মহিদুল ইসলাম ও মো. রুহুল আমিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শামীম হোসেন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, উপজেলা বিএনপি সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন এবং যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন।

এসময় আরও উপস্থিত ছিলেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, রামানন্দ খাজুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফছারুজ্জামান আফছার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, সাবেক সভাপতি হিরাদুল ইসলাম এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির প্রমুখ।অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ৩ জন অসহায় শ্রমিকের পরিবারের হাতে আর্থিক সহায়তার অনুদান তুলে দেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত