আদমদীঘির খবরের ফেড়িওয়ালা মোকলেছ আর নেই
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:৩০ | আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৪
সকালের আলো ফুটলেই নিত্য নতুন খবরের পসরা নিয়ে কলিং বেল বাজাতো খবরের ফেড়িওয়ালা মোকলেছার রহমান সাখিদার। আজ সে নিজেই খবর হয়ে গেল। আর কখনো আদমদীঘির সংবাদপত্র পাঠকদের কাছে খবরের কাগজ নিয়ে সূর্যোদয়ের সাথে সাথে পৌছাবে না মোকলেছার রহমান। গত শনিবার রাত ১২ টায় বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সংবাদপত্র বিতরণকারী মোকলেছার রহমান (৬৫) মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি .......রাজেউন)। মোকলেছার রহমান উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত ময়েজ সাখিদারের ছেলে। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও এক মেয়ে, নাতি-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বগুড়া-৩ আসনের সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার, কামরুল হাসান মধু, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান সহ রাজনৈতিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলার সকল সাংবাদিকবৃন্দ। গতকাল রবিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত