আইএমএফের ঋণ ছাড় নিয়ে ‘আলোচনা চলবে’, দুই সপ্তাহের মধ্যে সমাধানের আশা অর্থমন্ত্রীর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৫ | আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ১৩:৪৩
আইএমএফের ঋণের কিস্তি ছাড়ের বিষয়ে ‘হ্যাঁ-না বলার সুযোগ নেই’ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, “ঘণ্টা বা এক দিনের সিদ্ধান্ত নয়, ১৫ দিন পরও আলোচনা চলবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে।”
শুক্রবার (১৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রে আইএমএফের সদর দপ্তরে দুটি টিমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।
দেশের কিছু গণমাধ্যমে আইএমএফ ঋণের পরবর্তী কিস্তির ছাড় স্থগিত করেছে বলে প্রতিবেদন প্রকাশ হয়েছে, যা সঠিক নয় বলে জানান অর্থমন্ত্রী।
“ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি” বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। বলেন, “সংস্কার নিয়ে আইএমএফের সঙ্গে আমাদের বিরোধ নেই। কিছু বিষয়ে আইএমএফের সঙ্গে আরো আলোচনার দরকার হবে।”
দুই সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে— এমন আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
বাংলাদেশের জন্য আইএমএফের সাড়ে ৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি রয়েছে। ওই প্রতিশ্রুতির ১ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এখনো বাকি রয়েছে। সরকার আশা করছে, এর মধ্যে চলতি অর্থবছরের জুনের মধ্যে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করা হবে। তবে খাতসংশ্লিষ্টরা মনে করছেন, দাতা সংস্থাটির শর্ত বাস্তবায়নে উদাসীনতা ঋণ ছাড়ে বাধা হতে পারে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত