সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক ৬, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ৮ জুন ২০২৬, ১৭:০২ | আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৪১
নাটোরের সিংড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোডাউনপাড়া ও পেট্রোল বাংলা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতু অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, সিংড়া পৌর শহরের শোলাকুড়া এলাকার আখের মোল্লার ছেলে মনজু (২৬), গোডাউনপাড়ার মৃত জাকির হোসেনের মেয়ে রাবেয়া (৪০), মোতাহার হোসেনের ছেলে মিলন (৩২), সরকারপাড়ার লুৎফর হোসেনের মেয়ে সাগরী খাতুন পুতুল (২৫) ও তার ভাই ইয়াছিন (২৮) এবং অজ্ঞাত আরও একজন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটকের পর সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আটককৃতদের অপরাধের ধরন অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত