আদমদীঘিতে এসিল্যান্ডের অপসারণের দাবীতে মানববন্ধন

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৮:৪১ |  আপডেট  : ১ এপ্রিল ২০২৬, ২০:৪৯

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শাহী জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের জন্য পুকুরে মাটি খনন করার অপরাধে স্থানীয় তহশিলদার ফরহাদ হোসেন এর তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এই জরিমানা করার প্রতিবাদে গত মঙ্গলবার বিকেলে সান্তাহার শাহী জামে মসজিদের মুসল্লিবৃন্দের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মসজিদের সামনে ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে অংশ গ্রহণ করেন শাহী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আজাহারুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, মসজিদ কমিটির সদস্য মতিউর রহমান তুহিন, খলিলুর রহমান, গোলাম মোস্তফা, বেনজুর রহমান, বুলবুল আহমেদ, পল্লী চিকিৎসক মাসুদ রানা সহ প্রায় শতাধিক মুসল্লিবৃন্দ। মানববন্ধনে বক্তরা বলেন, অবিলম্বে উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানার অপসারণ দাবী করেন। 

উল্লেখ্য, গতকাল সোমবার (৩০ মার্চ) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা অবৈধ ভাবে নতুন বাজার এলাকায় শাহী মসজিদের উত্তর পাশে অবৈধ ভাবে পুকুর খনন করে ইট ভাটায় মাটি বিক্রির অপরাধে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত