হাম ও উপসর্গে ৮ জনের মৃত্যু, অতীতের রেকর্ড ভেঙে আক্রান্ত ১৪২১
প্রকাশ : 2026-04-26 16:57:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮ জন মারা গেছেন। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে নতুন করে ১ হাজার ৪২১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত ৩২ হাজার ২৮ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৩ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬০৩ জনে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২১৬ জনে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৯ জন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৪ জন।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২১ হাজার ৪৩৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৭ হাজার ৯৫৫ জন।