সিরাজদিখানে ব্লগার মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুর স্মরণ সভা অনুষ্ঠিত
প্রকাশ : 2026-06-11 16:55:08১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জ সিরাজদিখানে মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শাহজাহান বাচ্চুর স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ অর্পণ করাসহ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার(১১ জুন) বেলা সাড়ে ১১টায় মুন্সিগঞ্জ-সিরাজদিখান সড়কের পূর্বকাকালদী তিন রাস্তা মোড়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
শাহজাহান বাচ্চুর স্ত্রী লুৎফা আক্তার কাননের সভাপতিত্বে ও মুজিব রহমানের সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন, সিপিবির কেন্দ্রীয় সদস্য দুলাল সাহা, বিমল চন্দ্র দাস,নূরে আলম বিপ্লব,সান্দ্র মোহন্ত,নয়ন শেখ,আনিছুর রহমান,মোঃ ফারুখ শেখ,নারী নেত্রী শেফালী বেগম, সাংবাদিক দেবব্রত দাস দেবু, সাংবাদিক শিশির মন্ডল,সাংবাদিক মো. বিল্লাল হোসেন প্রমুখ।
সাংবাদিক দেবব্রত দাস দেবু বলেন,মুক্তমনা লেখক ও বিশাখা প্রকাশনীর মালিক শাহজাহান বাচ্চু ভাই আজ আমাদের পাশে নেই, এ কথা ভাবতেই যেন নিথর হয়ে পড়ি। সংবাদটি শুনে ওই দিন আমার কাছে বজ্রঘাতের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে এই ব্লগার জ্ঞানতাপসকে শুধু শ্রদ্ধার চোখেই দেখতাম না, তাকে তার মননশীল লেখার কারণেই নমস্ব মনে করতাম। তার মতো একজন বড় মাপের মানুষের মূল্যায়ন করা, তাকে নিয়ে পর্যালোচনা করা আমার পক্ষে সহজ নয়। আমার মতো নগণ্যজনকেও তিনি যেভাবে প্রীতির চোখে দেখতেন, তা আমার জন্য গর্বের বিষয় হয়ে আছে।
তার কর্ম ও খ্যাতির বিস্তৃতি সীমানায় তিনি আমাদের সামনে শারীরিক অনুপস্থিতি সত্ত্বেও তিনি আমাদের মনে জ্বলজ্বল করবেন। উল্লেখ্য , গত ১১ জুন ২০১৮ইং বিকালে সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পাওয়ার হাউজ কাকালদী মোড়ে দুটি মোটরসাইকেলে করে আসা চারজন বিশাখা প্রকাশনীর মালিক ব্লগার শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করে। সাজাহান বাচ্চুু ছিলেন মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক। আমাদের বিক্রমপুর নামের একটি অনিয়মিত মাসিক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।