রংপুরের কাউনিয়া উপজেলা ক্যাম্পাসে মৎস্যজীবীদের মানববন্ধন
প্রকাশ : 2026-03-03 20:24:47১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের কাউনিয়া উপজেলায় স্থানীয় মৎস্যজীবী সংগঠনকে বিল ইজারা না দিয়ে বিধি অমান্য করে দুরের একটি সংগঠনকে ইজারা দেওয়ার চেষ্টার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগি মৎস্যজীবীরা।
উপজেলা পরিষদ চত্বরে মাছহাড়ী নেপতি ডাংগা ও হুকোডাংগার পাড় মৎস্যজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনে স্থানীয় শতাধিক নারী ও পুরুষ মৎস্যজীবী অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ, সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী, সাধারণ সম্পাদক হেলাল মিয়া ও সদস্য শাহীন আলম প্রমূখ। সমিতির উপদেষ্টা বেলাল আহমেদ বলেন, পূর্ববর্তী সরকারের আমলের কিছু কর্মকর্তার যোগসাজশে বিলটি স্থানীয় প্রকৃত মৎস্যজীবীদের না দিয়ে দূরের একটি সমিতিকে ইজারা দেওয়ার চেষ্টা চলছে। এতে এলাকার গরিব ও অসহায় জেলেরা ক্ষতিগ্রস্ত হবেন। তিনি নিয়ম মেনে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বিল ইজারা প্রদানের দাবি জানান। মানববন্ধন শেষে মৎস্যজীবীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা-এর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি পুনরায় বিবেচনার দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, প্রশাসন ন্যায্যতা নিশ্চিত করে স্থানীয় জেলেদের স্বার্থ রক্ষা করবে।