যেটা গত ১৫ বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে: রুমিন ফারহানা
প্রকাশ : 2025-08-24 17:08:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, ‘যেটা গত ১৫ বছরে হয় নাই, সেটা আজকে হয়েছে। আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে।’
আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন, ‘যেই বিএনপির নেতা-কর্মীদের জন্য গত ১৫ বছর লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়। ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, সেটাই হয়েছে।’
ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রস্তাবিত সীমানা নিয়ে দাবি-আপত্তি আবেদনের শুনানিতে বাগবিতন্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। দুপুরে নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে এ ঘটনা ঘটে।
বিজয়নগর থেকে ৩টি ইউনিয়ন পরিষদ নিয়ে সরাইল-আশুগঞ্জে যুক্ত করায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
বেলা ১২টা থেকে শুরু হওয়া চার দিনের শুনানির প্রথম দিনে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসনের শুনানি ছিল। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন বক্তব্য দিচ্ছিলেন, এ সময় ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনের আবেদনকারীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এতে বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ লাঞ্ছিত হন।
ঘটনার পর কমিশন শুনানি স্থগিত করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ৪৫ মিনিট পর আবার শুনানি শুরু হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার যোগ দেন। প্রথম দিনে থাকছে কুমিল্লা অঞ্চলের ১৮টি আসন।
ইসি জানিয়েছে, শুনানিতে আপত্তিকারী বা তার ক্ষমতাপ্রাপ্ত কৌঁসুলি উপস্থিত থাকতে পারছেন। চার দিনের শুনানি শেষে দাবি নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। এরআগে গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন।