ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব

প্রকাশ : 2026-04-03 10:54:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ব্যাংকে টাকা তুলতে গিয়ে নিখোঁজ নির্মাতা উৎসব

জনপ্রিয় সিনেমা ‘বরুণবাবুর বন্ধু’ ও ‘ভবিষ্যতের ভূত’–এর চিত্রনাট্যকার ও নির্মাতা উৎসব মুখার্জি রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন।বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ব্যাংকের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ মিলছে না।

পরিবারের ভাষ্য অনুযায়ী, জরুরি ব্যাংকসংক্রান্ত কাজের কথা বলে বাড়ি থেকে বের হন উৎসব। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। তার স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, দুপুর ২টা ২২ মিনিটে তাদের শেষ কথা হয়েছিল। তখন উৎসব জানিয়েছিলেন, তিনি ব্যাংকের ভেতরেই আছেন। এরপর হঠাৎ করেই তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে তার ব্যবহৃত মোবাইল ফোন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নিজের ব্যক্তিগত ফোনটি তিনি বাড়িতেই রেখে গিয়েছিলেন। পরিবর্তে সঙ্গে নিয়েছিলেন তার প্রয়াত বাবার একটি ফোন, যা এখন বন্ধ পাওয়া যাচ্ছে। 

ইতিমধ্যে উৎসবের পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তিনি আদৌ ব্যাংকে পৌঁছেছিলেন কি না বা সেখান থেকে বের হওয়ার পর কী ঘটেছে এসব প্রশ্নের উত্তর খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

টালিউডের পরিচিত এই নির্মাতা তার সৃজনশীল কাজের মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন। চিত্রনাট্যকার ও পরিচালক দুই ভূমিকাতেই তিনি প্রশংসা কুড়িয়েছেন। তার এই আকস্মিক নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর উদ্বেগ বিরাজ করছে।