নন্দীগ্রামে ক্যান্সারে আক্রান্ত সুলতানের পাশে উপজেলা ছাত্রদল
প্রকাশ : 2026-03-13 14:34:21১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
দীর্ঘ তিন বছর ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে আব্দুল হাকিম সুলতান। তার চিকিৎসা করাতে গিয়ে পরিবারের শেষ সম্বল টুকুও বিক্রি করে এখন মানবেতর দিন কাটাচ্ছে তার পরিবার। পাঁচ মেয়েসহ পরিবারটির ভরণপোষণ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে তারা। গণমাধ্যমে সুলতানের করুণ পরিস্থিতির খবর প্রকাশিত হলে বিষয়টি মানবিক দৃষ্টিতে সামনে আসে।
খবরটি জানার পর বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে চলে যান সুলতানের বাড়িতে। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক তার নিজস্ব অর্থায়নে সুলতানের পরিবারের হাতে এক মাসের খাদ্য সহায়তা তুলে দেন। এ সহায়তার মধ্যে ছিলো চাল, ডাল, তেল, খেজুর, আটা, লবণ ও পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পরিবারের জন্য জামাকাপড়। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক ক্যান্সারে আক্রান্ত সুলতানের শারীরিক অবস্থারও খোঁজখবর নেন।
উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, মানবিক দিক বিবেচনায় আমরা সুলতান ভাইয়ের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। একজন অসুস্থ মানুষের চিকিৎসা করাতে গিয়ে একটি পরিবার যখন নিঃস্ব হয়ে যায়, তখন সমাজের সকলেরই তাদের পাশে দাঁড়ানো উচিৎ বলে মনে করি। আমরা চাই সমাজের বিত্তবান মানুষরাও এগিয়ে আসুক, যাতে তার চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণের ব্যবস্থা করা যায়।
তিনি আরো বলেন, ছাত্রদল সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। সুলতান ভাইয়ের জন্য আমাদের এই সহায়তা খুবই সামান্য। তবে আমরা আশা করি, এই উদ্যোগ দেখে আরো অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এ সহায়তা পেয়ে সুলতানের পরিবার আবেগাপ্লুত হয়ে ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।