জহির রায়হান নিখোঁজের পর গাছের পাতা খেয়েও দিন কেটেছে, তবু হাল ছাড়িনি: সুচন্দা
প্রকাশ : 2025-11-10 16:42:50১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কিংবদন্তি নির্মাতা জহির রায়হানের পুত্র তপু রায়হান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অনলের মা কোহিনূর আক্তার সুচন্দা।
এ সময় তিনি বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। আমার ছেলে, জহির রায়হানের ছেলে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য কাজ করে-এটাই আমার কামনা। পরিবারের সবাই খুব খুশি। হয়তো আজ ওর বাবা (জহির রায়হান) বেঁচে থাকলে তিনিও খুশি হতেন। আমার ছেলে বলে বলছি না, মানুষের প্রতি তপুর ভীষণ ভালোবাসা।’
জহির রায়হান নিখোঁজ হওয়ার পর জীবনের চরম বাস্তবতার মুখোমুখি হতে হাওয় তাকে। সেসব তুলে ধরে বলেন, ‘দেশ স্বাধীনের পর এমনও সময় গেছে, অভাবে গাছের পাতা খেয়েছি। কারণ, তখন প্রায়ই খাবার জুটত না। তারপরও হাল ছাড়িনি। সন্তানদের মানুষ করেছি। আমার বিশ্বাস ছিল, তারা তাদের বাবার মতো মানবিক ও দেশপ্রেমিক হবে। রাজনীতি না করলেও রাজনৈতিক আদর্শ লালন করে মানুষের জন্য কাজ করবে।’
আরও বলেন, ‘স্বাধীনতার জন্য যখন মাঠে নেমেছিলাম, তখন পায়ে জুতা ছিল কি-না, তা খেয়াল করিনি। লক্ষ্য ছিল-একটি স্বাধীন ও সমৃদ্ধ দেশ গড়ব।তখন সংসদ কী, রাষ্ট্রপতি কে- এগুলো আমরা বুঝতাম না। জানতাম শুধু দেশ আর দেশের মানুষ। এই দুটো বিষয় সামনে নিয়ে আমরা যুদ্ধ করেছি।’
জহির রায়হানের রাজনৈতিক দর্শনও তুলে ধরেন সুচন্দা। তিনি বলেন, ‘জহির রায়হান রাজনীতি করতেন না, তবে রাজনীতি লালন করতেন সবসময়। তার লেখনী ও চলচ্চিত্রে সবসময় দেশ ও মানুষের কথা থাকত। আমি তার কাছাকাছি থেকে দেখেছি, তিনি সব সময় নিপীড়িত ও বঞ্চিত মানুষের পক্ষে কাজ করতেন।’