চরভদ্রাসনে দুই ভাইকে কুপিয়ে আহত, একের হাত-পা বিচ্ছিন্ন

প্রকাশ : 2026-04-26 16:26:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

চরভদ্রাসনে দুই ভাইকে কুপিয়ে আহত, একের হাত-পা বিচ্ছিন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ফাযিলখাঁর ডাঙ্গী গ্রামে শনিবার (২৫ এপ্রিল) রাতে পূর্ব শত্রুতার জের ধরে হায়দার মুন্সি (৩৬) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। তার ছোট ভাই সুজন মুন্সি (২৬) কেও একই সময়ে কুপিয়ে জখম করা হয়েছে। আহত দুই ভাইকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।

আহতদের পরিবার অভিযোগ, একই গ্রামের কালাম মণ্ডল (৩৫) নামে এক যুবকের সঙ্গে হায়দারের প্রায় তিন বছর আগের মামলার জের রয়েছে। পরিবারের দাবি, ওই সময় হায়দার সত্য সাক্ষ্য দেওয়ায় কালামের ক্ষোভ সৃষ্টি হয়। শনিবার রাতে কালামের নেতৃত্বে ৫ থেকে ৬ জন ধারালো অস্ত্র নিয়ে হায়দার ও সুজনের উপর হামলা চালায়।

আহত সুজন মুন্সি বলেন, “তিন বছর আগে মামলায় আমার ভাই সত্য সাক্ষ্য দিয়েছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে কালামের ক্ষোভ ছিল।”

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা বিভাগের চিকিৎসক ডা. মো. রশিদ জানান, হায়দারের দুটি হাত ও একটি পায়ে গুরুতর জখম হয়েছে। একটি হাত ও একটি পা পুরোপুরি বিচ্ছিন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, “স্থানীয়ভাবে পূর্ব শত্রুতার জের ধরে হামলা হয়েছে। জড়িতদের ধরার চেষ্টা চলছে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।”