খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার

প্রকাশ : 2026-03-05 20:31:16১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন এবারের স্বাধীনতা পুরস্কার (২০২৬)।আজ (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। এবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (মরণোত্তর), বশির আহমেদ (মরণোত্তর), হানিফ সংকেতসহ ১৫ ব্যক্তি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

জানা গেছে, আজ মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের এ তথ্য জানান।

বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার ১৯৭৭ সাল থেকে দেওয়া হচ্ছে। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে প্রতিবছর ২৬ মার্চ এ পদক দেওয়া হয়।

জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নাগরিক ব্যক্তি বা গোষ্ঠীকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি নির্দিষ্ট ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকেও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে।

স্বাধীনতা পুরস্কার ঘোষিত হওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠাগুলো হচ্ছে-
এক. বেগম খালেদা জিয়া (মরণোত্তর) স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদান। দুই.ফৌজদারহাট ক্যাডেট কলেজ, মুক্তিযুদ্ধ। তিন.মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), মুক্তিযুদ্ধ। চার. অধ্যাপক ড. জহুরুল করিম, বিজ্ঞান ও প্রযুক্তি। পাঁচ. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চিকিৎসাবিদ্যা। ছয়. ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সাহিত্য। সাত. এ, কে, এম, হানিফ (হানিফ সংকেত), সংস্কৃতি। আট. বশির আহমেদ (মরণোত্তর), সংস্কৃতি। নয়. জোবেরা রহমান (লিনু), ক্রীড়া। দশ. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), পল্লী উন্নয়ন। এগারো. ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/ জনসেবা। বার. এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, সমাজসেবা/ জনসেবা। তের. মোঃ সাইদুল হক, সমাজসেবা/ জনসেবা। চৌদ্দ. গণস্বাস্থ্য কেন্দ্র, সমাজসেবা/ জনসেবা। পনের. মাহেরীন চৌধুরী (মরণোত্তর), সমাজসেবা/জনসেবা। ষোল . কাজী ফজলুর রহমান (মরণোত্তর), জনপ্রশাসন। সতের. মোহাম্মদ আবদুল বাকী, পি এইচ ডি, গবেষণা ও প্রশিক্ষণ। আঠারো. অধ্যাপক ড. এম এ রহিম, গবেষণা ও প্রশিক্ষণ। ঊনিশ. অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, গবেষণা ও প্রশিক্ষণ ও বিশ. আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), পরিবেশ সংরক্ষণ।