আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রকাশ : 2026-03-01 11:51:53১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ

তথ্যপ্রযুক্তি ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আন্তঃজেলা ইজিবাইক ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাইকৃত ইজিবাইক ছাড়াও আরো দুইটি উদ্ধার করা হয়।

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি গ্যারেজ থেকে এসব যানবাহন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মাদারীপুরের শিবচর উপজেলার মির্জারচর গ্রামের বাদশা শেখের ছেলে মো. রুবেল শেখ (৩২) এবং গোপালগঞ্জের সাতপার গ্রামের বিধান বিশ্বাসের ছেলে সেতু বিশ্বাস (২২)।

​পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি শিবচর উপজেলার দক্ষিণ চর তাজপুর এলাকার ইজিবাইক চালক রায়হান গোমস্তাকে (৩০) লক্ষ্য করে একটি চক্র ফাঁদ পাতে। চক্রের ৩-৪ জন সদস্য দাঁতের মাজন বিক্রেতা সেজে সারাদিন বিক্রির কথা বলে রায়হানের গাড়িটি ভাড়া নেয়। দিনভর বিভিন্ন এলাকায় ঘোরার পর রাজৈর থানার টেকেরহাট এলাকায় একটি দোকানে নিয়ে কৌশলে তাকে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করা হয়। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চালককে ফেলে রেখে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের নীল রঙের ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী সামিয়া আক্তার রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলার পর সহকারী পুলিশ সুপার (শিবচর-রাজৈর সার্কেল) সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে রাজৈর থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম তারেক ও রতনসহ পুলিশের একটি চৌকস টিম অভিযানে নামে। প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রথমে রুবেল শেখকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেতু বিশ্বাসকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী গোপালগঞ্জের একটি গ্যারেজ থেকে ছিনতাইকৃত ইজিবাইকসহ অতিরিক্ত আরও দুইটি অটোযান উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, "প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত অভিযানের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই আন্তঃজেলা চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।"

কা/আ