২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, কে বসবেন সভাপতির আসনে?

প্রকাশ : 2026-02-20 10:41:20১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, কে বসবেন সভাপতির আসনে?

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৬ ফেব্রুয়ারি শুরু হতে পারে। সংসদ সচিবালয় সূত্রে এমন তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নির্ধারিত সময়সীমার মধ্যেই অধিবেশন আহ্বানের প্রস্তুতি চলছে।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শের ভিত্তিতেই এ আহ্বান করা হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের (এমপি) গেজেট প্রকাশ করা হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে আগামী ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। ইতোমধ্যে নবনির্বাচিত সদস্যরা ১৭ ফেব্রুয়ারি শপথ নিয়েছেন।

সংবিধানের বিধান অনুযায়ী, সাধারণত পুরোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন সংসদের অধিবেশন বসে। আগের তিনটি নির্বাচনেও একই চিত্র দেখা গেছে। যেমন, দ্বাদশ সংসদের সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসে ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি। তবে এবার আগের সংসদের মেয়াদ না থাকায় অধিবেশন শুরুর ক্ষেত্রে দীর্ঘ অপেক্ষার প্রয়োজন হচ্ছে না।

সংসদ সচিবালয়ের একটি সূত্র জানায়, প্রথম অধিবেশন কবে বসবে তা নিয়ে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ২৫ অথবা ২৬ ফেব্রুয়ারি অধিবেশন শুরুর বিষয়ে আলোচনা হয়।

এ বিষয়ে সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে বলেন, অধিবেশন বসার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তবে শপথ গ্রহণের এক মাসের মধ্যে অধিবেশন বসানোর সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

রাজনৈতিক ও সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী, আনুষ্ঠানিক ঘোষণা এলেই অধিবেশন শুরুর তারিখ চূড়ান্ত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।