সুপ্রিম কোর্টের ভেতর থেকে অবিস্ফোরিত ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

প্রকাশ : 2026-03-08 15:25:42১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সুপ্রিম কোর্টের ভেতর থেকে অবিস্ফোরিত ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় এই বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে সন্দেহজনক কিছু বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। তথ্য পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।গ্রেনেডগুলো কে বা কারা সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টার দিকে তারা সাউন্ড গ্রেনেডগুলো উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার পর সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো বিশেষজ্ঞ দলটি তাদের হেফাজতে নিয়ে গেছে।

এই ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কে বা কোন চক্র বিচার বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তার প্রবেশপথে এ ধরনের আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।