সুন্দরবনে ২৪ ঘন্টায় আরো ৬ জেলে অপহরণ
প্রকাশ : 2026-05-21 19:02:13১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাগেরহাটের পূর্ব সুন্দরবনে থামছেনা মুক্তিপনের দাবিতে জেলে অপহরণ। গত ২৪ ঘন্টার ব্যবধানে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে আরো ৬ জেলেকে অপহরণ করেছে। বুধবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ছাপড়াখালী এলাকার নদীতে নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ৬ জেলেকে অপহরণ করে। এই বাহিনীর সদস্যরা মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদী থেকে ১২ জেলেকে অপহরণ করে। সুন্দরবনে এখন জেলে মৌয়ালীদের কাছে মুর্তিমান আতংকে পরিণত হয়েছে জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেরা হচ্ছে, বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আপন ২ ভাই হাফিজুল (২৪) ও ফাইজুর (২০), বেল্লাল মীর (৩৫), ছলেমান (৪০) ও বরগুনার পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের হাসিব (২১), ওই এলাকার নাম না জানা আরো ১ জেলে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার মো. মিজানুর রহমান বৃহস্পতিবার বিকালে মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাতে ছাপড়াখালী এলাকায় মাছ আহরণ কালে নৌকা ও ট্রলারে হামলা চালিয়ে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা অস্ত্রেও মুখে ৬ জেলে অপহরণ করে মুত্তিপনের দাবিতে আটকে রেখেছে। এই বাহিনীর সদস্যরা এর আগের দিন মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফুসফুসের চর এলাকার নদী থেকে ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীনে আটকে রেখেছে। জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা সুন্দরবনে জেলেদের জিম্মী করে লাখ লাখ টাকা মুক্তিপণ আদায় করছে। গত ২৪ ঘন্টায় ২ দফায় অপহৃত ১৮ জেলেকে উদ্ধারে স্মার্ট পেট্রোলিং টিমসহ বনরক্ষীরা অভিযান চালাচ্ছে বলেও জানান এই বন কর্মকর্তা।