সিংড়ায় ধানের বোঝার নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

প্রকাশ : 2026-05-03 16:11:30১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়ায় ধানের বোঝার নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় ধান কাটার পর মাথায় করে ধানের বোঝা নিয়ে বাড়ি ফেরার পথে ধানের বোঝার নিচে চাপা পড়ে লাল চাঁদ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২ মে) বিকেলে উপজেলার চামারি ইউনিয়নের সামারকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত লাল চাঁদ ওই গ্রামের মৃত ওমরেশ প্রামাণিকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চামারি ইউনিয়নের চক লংকা বিলে নিজের জমির ধান কাটছিলেন লাল চাঁদ। ধান কাটা শেষে ধানবোঝাই একটি বোঝা মাথায় নিয়ে তিনি সামারকোল বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে হঠাৎ তিনি ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান। এসময় মাথার ওপর থাকা ধানের ভারী বোঝাটি তার শরীরের ওপর আছড়ে পড়লে তিনি ঘাড়ে গুরুতর আঘাত পান এবং জ্ঞান হারিয়ে ফেলেন।

এসময় স্থানীয় ও পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কৃষক মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।