সিংড়ায় গামছা বিক্রি করতে এসে বৃদ্ধের মৃত্যু, মেলেনি পরিচয়
প্রকাশ : 2026-05-13 17:36:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলায় গামছা বিক্রি করতে এসে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে উপজেলার ১নং শুকাস ইউনিয়নের শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল থেকেই ওই বৃদ্ধ শ্রীকুন্ডা গ্রামের বিভিন্ন পাড়ায় ঘুরে ঘুরে গামছা বিক্রি করছিলেন। একপর্যায়ে তিনি ক্লান্ত হয়ে ওই গ্রামের আলামিন নামে এক ব্যক্তির বাড়ির বারান্দায় বিশ্রাম নিতে বসেন।
বসা অবস্থায় হঠাৎ তার শরীরে প্রচণ্ড কাঁপুনি শুরু হয় এবং তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬৫ থেকে ৭০ বছরের মধ্যে এবং অসুস্থ ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তার পরনে ছিল সাধারণ পোশাক এবং সাথে ছিল বিক্রির জন্য আনা গামছার পোঁটলা।
আলামিন জানায়, আমি বাড়ির ভেতরে চাল পরিমাপের কাজ করছিলাম। হঠাৎ বাইরে মানুষের চিৎকার আর হৈ-চৈ শুনে দৌড়ে বারান্দায় আসি। এসে দেখি এক বৃদ্ধ মানুষ বারান্দায় পড়ে আছেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।