সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : 2026-05-08 18:50:10১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নে একটি নির্জন কলাবাগান থেকে আনুমানিক ৩০-৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে লালোর গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার লালোর গ্রামের কবরস্থান সংলগ্ন একটি কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নির্জন স্থানে মরদেহ পড়ে থাকার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সিংড়া থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
মরদেহটির সুরতহাল প্রতিবেদনে দেখা গেছে, শরীরের কিছু অংশ হিংস্র প্রাণী ক্ষতিগ্রস্ত করেছে। তবে শরীরে সরাসরি কোনো বড় আঘাতের চিহ্ন দৃশ্যমান কি না, তা নিয়ে তদন্ত চলছে। পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে নিহত নারীটি কিছুটা 'অপ্রকৃতিস্থ' বা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
তিনি আরও বলেন, আমরা নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। স্থানীয়ভাবে কেউ নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে। দুষ্কৃতকারীরা অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে গেছে কি না, সেটিও আমাদের তদন্তের আওতায় রয়েছে।
পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং মরদেহের পরিচয় নিশ্চিত করতে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে।