সিংড়ায় কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ

প্রকাশ : 2026-05-13 17:51:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

সিংড়ায় কৃষকের মাঝে পেঁয়াজ সংরক্ষণের ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ

নাটোরের সিংড়ায় পেঁয়াজ চাষিদের লোকসান কমাতে ও আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের লক্ষ্যে বিনামূল্যে ‘এয়ার ফ্লো’ মেশিন বিতরণ করা হয়েছে। একইসাথে মেশিন স্থাপনের জন্য প্রয়োজনীয় মাচা তৈরির খরচ বাবদ প্রত্যেক কৃষককে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে এই কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে উপজেলার পাঁচজন প্রান্তিক কৃষকের মাঝে এই এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়। প্রতিটি মেশিনের মাধ্যমে একজন কৃষক বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রায় ৩০০ মণ পেঁয়াজ দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন। এতে পেঁয়াজ পচে যাওয়ার ঝুঁকি অনেকাংশে কমে আসবে এবং কৃষকরা অসময়ে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন। মেশিন বিতরণের পাশাপাশি এটি স্থাপনের জন্য মাচা তৈরিতে প্রতিটি কৃষককে ৭ হাজার টাকা করে নগদ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেশিন বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ বলেন, "পেঁয়াজ একটি পচনশীল পণ্য। সঠিক সংরক্ষণের অভাবে প্রতি বছর কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। এই এয়ার ফ্লো মেশিনের বাতাস পেঁয়াজের আর্দ্রতা নিয়ন্ত্রণ করবে, ফলে তা দীর্ঘদিন তাজা থাকবে। পর্যায়ক্রমে এই সুবিধা আরও কৃষকের মাঝে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।"