সান্তাহার রেলওয়ে ভুমির ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রকাশ : 2026-06-01 21:40:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে বাণিজ্যিক ও কৃষি উভয় খাতের লাইসেন্স ভূমির ভাড়া এক লাফে প্রায় দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১লা জুন) সকাল সাড়ে ১০টায় রেল ভুমিতে অবস্থানরত ব্যবসায়ীদের আয়োজনে সান্তাহার রেলগেট চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেলওয়ে ভুমিতে অবস্থানরত ব্যবসায়ী শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাবসায়ী শাহিদুর রহমান বাবু, পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, মতিউর রহমান মতি, গুলবর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। প্রতি বর্গফুটের জন্য ১১৫ টাকা হারে দিতে গিয়ে লাইসেন্স গ্রহীতারা বেহাল অবস্থায় পড়েছেন। আমরা গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমানোর দাবি জানাচ্ছি। রেলওয়ের এই বৈষম্যমূলক ও হঠকারী সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। একটি জেলা শহরের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে একটি ছোট পৌর শহরের ব্যবসার ব্যাপক ব্যবধান থাকে। কিন্তু রেলওয়ে জেলা শহর ও পৌর শহরে একই হারে ভাড়া নির্ধারণ করেছে যা চরম বৈষম্যমূলক।
এব্যাপারে সান্তাহার রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া দিয়েছেন, তাদের এ বছর বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে পরিশোধ করতে হবে।