সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি, শিবচরে কথিত সাংবাদিক আটক
প্রকাশ : 2026-05-18 15:47:32১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচরে সাংবাদিক পরিচয় ব্যবহার করে গাড়ি চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের অভিযোগে মোহাম্মদ ফারুক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার (১৭ মে) দুপুর ৩টার দিকে উপজেলার মাদবরের চর ইউনিয়নের ভ্যালি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে শিবচর থানা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, আটক ফারুকের কাছ থেকে একটি চোরাই পিকআপসহ মোট তিনটি পিকআপ উদ্ধার করা হয়। তিনি কোনো গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, অন্য দুটি পিকআপও চুরি করা।
গত ৮ মে রাতে রাজৈর এলাকা থেকে একটি পিকআপ চুরি হয়। ওই ঘটনায় মামলা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে চোরাই গাড়ি ও ফারুককে আটক করে।
ফারুক খুলনার তেরোখাদা এলাকার বাসিন্দা। তিনি প্রায় ১৫ বছর ধরে শিবচরের ভ্যালি ব্রিজ এলাকায় বসবাস করছিলেন। স্থানীয়দের কাছে নিজেকে সাংবাদিক পরিচয় দিতেন এবং গাড়িতে সাংবাদিক স্টিকার লাগিয়ে চলাচল করতেন। তবে তিনি আসলে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত কি না, তা যাচাই করা হচ্ছে। পেশায় তিনি গাড়ির মিস্ত্রি।
পুলিশের ধারণা, তিনি শুধু গাড়ি চুরি নয়, গরু ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সঙ্গেও জড়িত থাকতে পারেন। এছাড়া তিনি একসঙ্গে দুই স্ত্রী নিয়ে থাকেন এবং বিভিন্ন সূত্রে জানা গেছে, তার পাঁচটি বিয়ে হয়েছে।এএসপি সালাউদ্দিন কাদের বলেন, “তার বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”