শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশ : 2026-05-23 20:44:47১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঢাকার পল্লবীতে পৈশাচিক নির্যাতনের পর নির্মমভাবে খুন হওয়া শিশু রামিসার হত্যাকারী সোহেল রানাসহ সকল অপরাধীদের দ্রুত শাস্তি এবং সাভার ও নলডাঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টায় সিংড়া উপজেলা পরিষদ চত্বরের প্রধান ফটকের সামনে ‘সিংড়া সাংবাদিক কল্যাণ ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঢাকায় শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকারী পাশবিক মানসিকতার সোহেল রানাকে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সাথে এসব অপরাধের মূল উৎস মাদক। সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সিংড়াসহ দেশজুড়ে মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নেওয়ার জোর দাবি জানান তারা।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাভার ও নলডাঙ্গার সাংবাদিক রানা আহম্মেদসহ দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা সত্য প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা সাদরুল উলা, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল মন্নাফ, পৌর মহিলা দলের সভাপতি মমতাজ (মৌ), সাবেক সেনা সদস্য মোস্তাক আহমেদ, প্রভাষক খায়রুল ইসলাম এবং অধ্যক্ষ আরিফ রায়হান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবের গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।