লৌহজং ব্র্যাক অফিসে প্রবাসবন্ধু ফোরামের গুরুত্বপূর্ণ সভা

প্রকাশ : 2026-02-16 19:09:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

লৌহজং ব্র্যাক অফিসে প্রবাসবন্ধু ফোরামের গুরুত্বপূর্ণ সভা

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সোমবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র‍্যাকের প্রত্যাশা-২ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন এবং বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের লক্ষ্যে প্রবাসবন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীদের আর্থ-সামাজিক পুনরেকত্রীকরণে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। লৌহজং প্রবাসবন্ধু ফোরামের সভাপতি মো. আমির হোসেন সভায় সভাপতি করেন। প্রোগ্রাম অর্গানাইজার সৈয়দ মাহমুদুর রহমানের সঞ্চালনায় সভায় ব্র‍্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি কো-অর্ডিনেটর শাওন রায় অভিবাসনের বাধাসমূহ উত্তরণে নিরাপদ অভিবাসন ও ফেরত আসা অভিবাসীদের পুনরেকত্রীকরণে করণীয় বিষয়াদি এবং নিরাপদ অভিবাসনের ইতিবাচক ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। এ সময়  প্রবাসবন্ধু ফোরামের সদস্যরা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

সভার সদস্যরা লৌহজং উপজেলার অভিবাসনের বাস্তব চিত্র এবং তাদের কর্মপরিকল্পনা তুলে ধরেন। মূলত, বিদেশগামী ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা বিদেশে কর্মসংস্থান ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য সঠিক সময়ে পান না। অপর্যাপ্ত তথ্য প্রাপ্তির কারণে সাধারণ বিদেশগামী ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হন এবং তাদের অভিবাসীর অধিকার ও আইন সম্পর্কে ধারণা থাকে না। এর ফলে দেশে ও প্রবাসে অনেক ক্ষেত্রেই তারা প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হন।

এছাড়াও বিদেশে যারা বিপদাপন্ন অবস্থায় আছেন তাদের উদ্ধার ও পুনর্বাসনে প্রায়শই সহযোগিতার প্রয়োজন পড়ে। ক্ষতিগ্রস্ত হয়ে বিদেশ থেকে ফিরে আসা অনেকেই আর্থ-সামাজিকভাবে ঘুরে দাঁড়াতে সংগ্রাম করেন, যার জন্য তাদের সামাজিক, মনোসামাজিক ও অর্থনৈতিক সহায়তা অপরিহার্য। এই প্রেক্ষাপটে, নিরাপদ বিদেশগমন ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, প্রয়োজনীয় সেবা প্রদান এবং প্রচার-প্রচারণার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে গঠিত সংস্থা বা কমিউনিটি ফোরামের গুরুত্ব অপরিসীম। প্রবাসবন্ধু ফোরামের মতো সংস্থাগুলো তাদের সাধ্যমতো সেবা ও তথ্য জানানোর মাধ্যমে বিদেশগামী ও বিদেশ-ফেরত মানুষকে নিরাপদ অভিবাসন বেছে নিতে এবং ক্ষতিগ্রস্ত বিদেশ-ফেরত অভিবাসীর সার্বিক জীবনমান উন্নয়ন ও টেকসই পুনরেকত্রীকরণে সহায়তা করতে পারে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাক ১৯৭২ সাল থেকে দেশে ও দেশের বাইরে নানাবিধ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে আসছে। ব্র্যাকের বিভিন্ন কর্মসূচির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হলো- মাইগ্রেশন প্রোগ্রাম। ব্র্যাকের এই প্রোগ্রাম ২০০৬ সাল থেকে দেশের অভিবাসনপ্রবণ জেলাসমূহে বিদেশগামী নারী ও পুরুষের মাঝে সঠিক তথ্যের মাধ্যমে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অভিবাসন খাতে অ্যাডভোকেসি এবং নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রম বাস্তবায়ন করে থাকে। এই সভার আয়োজন ব্র্যাকের ধারাবাহিক প্রচেষ্টারই অংশ, যা নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ এবং অভিবাসীদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।