লৌহজংয়ে মেধাবী ও নবীন শিক্ষার্থীদে অভিজাত রেস্তোরাঁয় মিলন মেলা
প্রকাশ : 2026-05-03 08:12:09১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে বার্ষিক পরীক্ষায় ১ম থেকে ১০ম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে অভিজাত রেস্তোরাঁয় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার খলিলুর রহমান আইডিয়াল হাই স্কুলের এসব শিক্ষার্থীকে শিমুলিয়া ঘাটের অভিজাত রেস্তোরাঁ 'প্রজেক্ট হিলশা'য় চাইনিজ খাবার খাওয়ানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজ মোল্লা জানান, মেধাবীরা ছাড়াও নার্সারি ও ৬ষ্ঠ শ্রেণির সকল শিক্ষার্থীসহ মোট ২৫০ জনকে দুপুরের খাবার দেওয়া হয়। তিনি আরও জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জিল্লুর রহমান রিপন মৃধা তিন বছর ধরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বছরে একবার উন্নতমানের খাবার খাওয়ানোর আয়োজন করে আসছেন। এ বছরের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থীকেও একই রেস্তোরাঁয় এনে উন্নতমানের খাবার দেওয়া হয়েছিল।
ম্যানেজিং কমিটির পরিচালক এইচএম নাসিরউদ্দিন বলেন, আমাদের এরকম আয়োজনের উদ্দেশ্য হল, আজকে যেসব মেধাবীরা এই আয়োজনে অংশগ্রহণ করলো তাদের পেছনে যারা আছে তারা আগামীতে লেখা-পড়ায় ভালো রেজাল্ট করে যেন এ ধরনের আয়োজনে অংশগ্রহণে সুযোগ পেতে উদ্বুদ্ধ হয় ।
শিক্ষার্থীরা অভিজাত রেস্তোরাঁয় খাবার খেয়ে উচ্ছ্বসিত। শিশু শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও এসেছিলেন। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মায়মুনা জানায়, এখানে এসে পিকনিক পিকনিক লাগছে। একই শ্রেণির শিক্ষার্থী রাইসা বলে, এত দামি রেস্টুরেন্টে খেতে পারা সত্যি আনন্দের। আরেক শিক্ষার্থী জানায়, এত বড়ো রেস্টুরেন্টে এসে খেতে পারবো, কোনোদিন কল্পনাও করিনি। শাহনাজ আক্তার ও জামাল খান নামের দুই অভিভাবকের ভাষ্য, দামি হোটেলে এসে বাচ্চারা ভালো খাবারের পাশাপাশি পিকনিকের আমেজও পাচ্ছে।