রিক্সায় চড়ে সংসদে শপথ পড়তে গেলেন রিক্সা প্রতীক নিয়ে বিজয়ী এমপি হানজালা
প্রকাশ : 2026-02-17 19:23:07১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর–১ (শিবচর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী সাইদ উদ্দিন আহসান হানজালা জাতীয় সংসদে রিকশা প্রতীক নিয়ে শপথ গ্রহণ ও উপস্থিতির মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। শিবচরের রাজনীতিতে এই ভিন্নধর্মী প্রতীক ও আদর্শভিত্তিক রাজনৈতিক অবস্থান স্থানীয়ভাবে যেমন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, তেমনি জাতীয় পর্যায়েও কৌতূহল সৃষ্টি করেছে।
জাতীয় সংসদে শপথ গ্রহণের পর রিকশা প্রতীক নিয়ে সংসদ সদস্যের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সমর্থকদের মতে, রিকশা প্রতীক শুধু একটি নির্বাচনী চিহ্ন নয়; এটি শ্রমজীবী, খেটে খাওয়া ও অবহেলিত মানুষের সংগ্রাম ও আশা-আকাঙ্ক্ষার প্রতীক। সংসদে এই প্রতীকের উপস্থিতি সাধারণ মানুষের জীবনঘনিষ্ঠ বাস্তবতা ও দাবি-দাওয়াকে নতুনভাবে তুলে ধরবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিবচরের মতো একটি গুরুত্বপূর্ণ আসন থেকে আদর্শভিত্তিক রাজনীতির প্রতিনিধি সংসদে যাওয়া এলাকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরে দুর্নীতি, অনিয়ম ও প্রতিশ্রুতি ভঙ্গের রাজনীতিতে বিরক্ত সাধারণ মানুষ এখন সৎ, ন্যায়নিষ্ঠ ও জনবান্ধব নেতৃত্বের প্রতি আগ্রহী হয়ে উঠছে।
এ বিষয়ে শিবচরের স্থানীয় নেতাকর্মীরা জানান, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এমন একজন জনপ্রতিনিধি প্রত্যাশা করছিলেন, যিনি দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের পক্ষে কথা বলবেন। সংসদে রিকশা প্রতীক নিয়ে এই প্রতিনিধিত্ব সেই প্রত্যাশারই প্রতিফলন।তারা আরও বলেন, আদর্শ, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির মাধ্যমে শিবচরের উন্নয়ন, সামাজিক সুবিচার এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় সংসদ সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন বিশ্বাস জনগণের মধ্যে তৈরি হয়েছে।