রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ : 2026-04-17 11:03:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকা থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট আজ শুক্রবার (১৭ এপ্রিল) সৌদি আরবের উদ্দেশে উড়াল দেবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান রাত ১১টা ৩৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হজযাত্রার উদ্বোধন করবেন। উদ্বোধনের পর রাত ১২টা ২০ মিনিটে প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে।
ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম দিন মোট ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করবে ছয়টি ফ্লাইট, সৌদিয়া এয়ারলাইন্স চারটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স চারটি ফ্লাইট পরিচালনা করবে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, হজ ব্যবস্থাপনার সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায়, অর্থাৎ হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।
সৌদি আরবের সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, মোট হজযাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অবশিষ্ট ৫০ শতাংশের মধ্যে সৌদিয়া এয়ারলাইন্স বহন করবে ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস বহন করবে ১৫ শতাংশ যাত্রী।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে ১ জুলাই পর্যন্ত।